ফেসবুকে হা হা রিয়েক্ট, ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যা

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০১:১৮ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেওয়ায় শেরপুরের নালিতাবাড়ীতে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী নাম নাঈম বাদশা (১৮)। তিনি নয়াবিল বাজারের সাইফুল ইসলামের ছেলে। নিহত নাঈম উপজেলার সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত সবুজ মিয়াকে (১৮) এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটককৃত সবুজ নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। সবুজ মিয়া গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক মাস আগে সবুজ মিয়া তার ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট দেন। সেই পোস্টে নাঈম হা হা রিয়েক্ট দেন। এ নিয়ে মোবাইল ফোনে বাড়ি ফিরে নাঈমকে দেখে নেওয়ার হুমকি দেন সবুজ। দুদিন আগে ঈদের ছুটিতে সবুজ গাজীপুর থেকে বাড়িতে আসেন। গতকাল বেলা ১১টার দিকে নয়াবিল বাজারে সবুজ নাঈমকে ডেকে এনে নয়াবিল বাজারে কৃষি ব্যাংকের পেছনে নিয়ে যান। পরে সবুজ নাঈমের সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে যান। বাগবিত-ার একপর্যায়ে সবুজের হাতে থাকা ছুরি দিয়ে নাঈমের বুকে আঘাত করেন। এ সময় নাঈম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর দেড়টার দিকে নাঈমের মুত্যু হয়। ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত সবুজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত