ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র হচ্ছে : ফখরুল

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০১:২০ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশে। আপনাদের আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য। আমরা সেটা হতে দেব না। খুব পরিষ্কার কথা। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ।’

গতকাল শনিবার বিকেলে রাজধানীর বাড্ডার মাদানি সড়কে বেরাইদ ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি ৪২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিম্নআয়ের মানুষের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকেই দেব। এ অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখনো রাস্তায় নামি নাই। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি এই ঈদসামগ্রী নিয়ে, ইফতারসামগ্রী নিয়ে। সুখ-দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘœ সৃষ্টি হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে। আমি কথাটা বলছি এজন্য যে, আমাদের প্রস্তুত থাকতে হবে।’

দেশে-বিদেশে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘খুব পরিষ্কার কথা। যে যেখানেই থাকেন, সেই ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদের কেউ বিপথে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না।’

ভারত-পাকিস্তান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য কারও পক্ষে বিএনপি নয় এমনটি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পরিষ্কার কথা। আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নই। আমরা আমেরিকার পক্ষেও নই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নই। আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ।’

মির্জা ফখরুল বলেন, ‘৯০ শতাংশ নেতাকর্মীকে জেলে নিয়েছিল। আমাদের ২০ হাজারের মতো নেতাকর্মীকে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার হত্যা করেছিল। প্রায় ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা দিয়েছিল। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এ ধরনের নজির খুব কম। সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহতালার কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে, তার অশেষ রহমতে, আমার কাছে মনে হয়, আল্লাহতালার অশেষ অলৌকিক শক্তি তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহতালার নির্দেশে। যে অত্যাচার-নির্যাতন তিনি মানুষের ওপর করেছেন, সেখান থেকে আপাতত মুক্তি পেয়ে একটা মুক্ত পরিবেশের জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি।’

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, আখতার হোসেন, আলফাজ উদ্দিন, এজিএম শামসুল হক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত