ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ১

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১০:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা -সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, বিকেলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হতাহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত