কলা খেয়ে মাঠে নেমে আইপিএল অভিষেকেই অশ্বিনীর রেকর্ড

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম

আইপিএল একের পর এক তরুণ সব প্রতিভা উপহার দিচ্ছে। এবার লাইমলাইটে এলেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার অশ্বিনী কুমার। গতকাল সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই পেসার মাত্র ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। ২৩ বছর বয়সী পেসারের নাম উঠেছে রেকর্ড বুকে। ইনিংস বিরতিতে অশ্বিনী জানান, তিনি নাকি স্রেফ কলা খেয়ে কলকাতার বিপক্ষে খেলতে নেমেছিলেন!

আইপিএলের প্রথম ভারতীয় বোলার হিসাবে অভিষেক ম্যাচেই চার উইকেট নিলেন অশ্বিনী। চতুর্থ বোলার হিসাবে অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়েছেন। এর আগে এই রেকর্ড আছে আলী মুর্তাজা (২০১০), আলজারি জোসেফ (২০১৯) এবং ডেওয়াল্ড ব্রেভিসের (২০২২)। মাথা ঠান্ডা রেখে জোরালো গতি, বাউন্সার দেওয়ার ক্ষমতা এবং গতির হেরফের করে ব্যাটারকে বিপাকে ফেলতে জুড়ি নেই অশ্বিনীর।

পাঞ্জাবের মোহালির ঝনজেরীতে জন্মগ্রহণ করা অশ্বিনী ১৮ বছর বয়সে রাজ্য দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ২০ বছর বয়সে ‘লিস্ট এ’ এবং পরের বছর স্বীকৃত টি-টোয়েন্টিতে তার যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত দুটি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪টি করে ‘লিস্ট এ’ আর টি-টোয়েন্টি খেলেছেন অশ্বিনী। ২০২৩ সালে একটি ম্যাচ তাকে রাতারাতি আলোচনায় এনেছিল। ওই ম্যাচ জয়ের জন্য শেষ ওভারে প্রতিপক্ষের প্রয়োজন ছিল ৮ রান। অশ্বিনী মাত্র ৪ রান দিয়ে তুলে নেন এক উইকেট।

মুম্বাইয়ের স্কাউটেরা সারা বছরই ভারতের বিভিন্ন রাজ্যের লিগ দেখে সেখান থেকে ক্রিকেটার তুলে আনেন। সেভাবেই পাঞ্জাবের লিগ থেকে তুলে আনা হয়েছে অশ্বিনীকে। এবারের মেগা নিলামে তাকে ৩০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। অভিষেক ম্যাচেই তিনি শিকার করেন নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, মণীশ পান্ডে এবং আন্দ্রে রাসেলকে। এছাড়া দ্বিতীয় ওভারে কুইন্টন ডি ককের দারুণ একটা ক্যাচও নিয়েছেন।

ইনিংস বিরতিতে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অশ্বিনী বলেছেন, ‘অভিষেক ম্যাচ নিয়ে চাপে ছিলাম বলে ভালোভাবে কিছু খেতেই পারিনি। স্রেফ একটা কলা খেয়ে খেলতে নেমেছি। আসলে খুব একটা ক্ষুধাও লাগেনি। আগে থেকেই আমাকে খেলানোর পরিকল্পনা ছিল। হার্দিক ভাই বলেছিল, অভিষেক ম্যাচ স্রেফ উপভোগ করতে। একইসঙ্গে বলেছিল শর্ট বল এবং ব্যাটারের শরীর লক্ষ্য করে বল করতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত