হোয়াইট হাউজের মসনদে ফিরেই দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে সমানতালে আলোচনা চালিয়ে যাচ্ছে তার প্রশাসন। কিন্তু মস্কোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এ প্রচেষ্টা নষ্ট করার অভিযোগ করেছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক ইউরোপের প্রতিনিধিরা ওই মনোভাব ব্যক্ত করেন।
কিয়েভের ইউরোপীয় মিত্র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মনে করছেন, শান্তিচুক্তিতে বাধ্য করতে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠিন অবস্থান গ্রহণ করা উচিত ট্রাম্প প্রশাসনের। কারণ রুশ প্রেসিডেন্ট শান্তিচুক্তির বিষয়ে আন্তরিক নন। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় দিনের বৈঠকের আগে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেখান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট। তিনি বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের কাছে জবাব দিতে বাধ্য। যুক্তরাষ্ট্র এ মধ্যস্থতা ও যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ব্যাপক তৎপরতা চালিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, পুতিন বিভ্রান্তি অব্যাহত রেখেছেন। এ সময় পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আপনাকে দেখছি ভøাদিমির পুতিন। আপনি যা করছেন আমরা তা জানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, পুতিনের শান্তিচুক্তির আলোচনা অন্তঃসারশূন্য প্রতিশ্রুতি ছাড়া কিছুই নয়। কানাডা ও এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণের সময়সীমা ঘোষণার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
