ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে গতকাল রবিবার সকালে কর্মস্থলে যোগদান করেন খুলনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল হক। দুপুর ১২টার দিকে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। তখন হঠাৎ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যান। দ্রুত সহকর্মীরা তাকে খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়েছে।
বিকেলে তার মরদেহ রাজশাহীর পবা উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা জেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক শেখ শাহিনুর রহমান বলেন, ঈদের ছুটি কাটিয়ে রবিবার সকালে শামসুল হক কাজে যোগ দেন। বেলা ১২টায় নিজের কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ তিনি পড়ে যান।
