বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী সৈয়দ মো. হাসান রেজা ২০১৭ সালের মার্চে মারা যান। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক ডিআইটির প্রকৌশলী ছিলেন।
এদিকে মুকরেমা রেজার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মুকরেমা রেজার পরিবারের সদস্যরা জানান, এক সপ্তাহ আগে নানা জটিলতা নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মায়ের ভর্তির খবর পেয়ে ঈদের আগের দিন ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন তার একমাত্র মেয়ে কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি। মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে কোকো মারা যাওয়ার পর মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে লন্ডনে থাকেন সিঁথি।
পরিবারের সদস্যরা জানান, মরহুমার জানাজা বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে দাফন করা হয়।
তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক : এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো আলাদা বার্তায় এ শোক জানান তারা।
তারেক রহমান তার শোকবার্তায় বলেন, ‘এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের মতো আমিও গভীরভাবে সমব্যথী। একজন স্নেহশীল মা হিসেবে তিনি গভীর মাতৃত্ব ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।’ শোকবার্তায় মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘মেধা ও শ্রম দিয়ে এসইউএফ মুকরেমা রেজা তার সন্তানদের সুশিক্ষিত, প্রতিষ্ঠিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। ধর্মপরায়ণ ও পরোপকারী হিসেবে তিনি প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।’ শোকবার্তায় এসইউএফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
