কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআইয়ের একটি টিম। সোমবার (৭ এপ্রিল) মামলার তদন্তের দায়িত্ব পাওয়া ষষ্ঠ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মো. তরিকুল ইসলাম বলেন, ৭ মাস আগে মামলাটির দায়িত্ব পাই। এতদিন বিভিন্ন কারণে ঘটনাস্থল পরিদর্শনে আসা হয়নি। সোমবার ঢাকা থেকে পিবিআইয়ের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। এটা মামলার তদন্তের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। এরপর আমরা ঢাকায় ফিরে যাব। আমাদের সঙ্গে তনুর পরিবারের সদস্যদের কথা হয়েছে।
তিনি আরও বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করার জন্য।
তনু হত্যার ৯ বছর পার হয় গত ২০ মার্চ। এ ৯ বছরে মামলার তদন্ত সংস্থার পরিবর্তন হয়েছে ৪ বার। সেই সঙ্গে তদন্ত কর্মকর্তার পরিবর্তন হয়েছে ৬ বার। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরের শুরুতে মামলাটির তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম।
এ বিষয়ে তনুর ভাই আনোয়ার হোসেন ওরফে রুবেল বলেন, পিবিআইয়ের কর্মকর্তারা ঢাকা থেকে আসবেন সেটা আমাদের আগে জানাননি। সোমবার দুপুরে ঘটনাস্থলে আসার পর বিষয়টি জানিয়েছেন। পরে বিকেল চারটার দিকে তদন্ত কর্মকর্তা আমার বাবা ইয়ার হোসেনের সঙ্গে তার অফিসে গিয়ে কথা বলেন।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, গত ৯ বছরে মামলার অগ্রগতি বলতে শুধুই তদন্ত কর্মকর্তা পরিবর্তন। আমরা এসব নাটক আর দেখতে চাই না। খুনিদের বিচার চাই। আমার মেয়ে কবরে, আর খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এ কথা ভাবতেই কষ্টে বুকটা ফেটে যায়।
