কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্প নিয়ে দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইয়াসিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধ আহতরা হলেন হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল (৪০), তার ভাই ইব্রাহিম (৩৫) ও ওলানপাড়া গ্রামের ইয়াসিন (২৬)। এ ছাড়া মোরশেদ নামের একজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ওলানপাড়া গ্রামের সাত-আটজন যুবক তিনটি মোটরসাইকেল নিয়ে উত্তর হরিপুরের ইসমাইলদের বাড়ির কাছে এসে তাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে ইসমাইল, তার ভাই ইব্রাহিম এবং ওলানপাড়া গ্রামের ইয়াসিন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ সময় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গৌরীপুর ইউনিয়নের নিউ বৈশাখী মৎস্য প্রকল্পে চার বছর ধরে মাছ চাষ করছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল। এ নিয়ে পাশের ওলানপাড়া গ্রামের লোকজনের সঙ্গে প্রকল্পের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘গুলিবিদ্ধের ঘটনায় আহত ইয়াসিনসহ ফরহাদ ও নাইম নামে আরও দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।’
