অন্নপূর্ণা-১ চূড়ায় প্রথম বাংলাদেশি বাবর আলী

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ এএম

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ (৮০৯১ মিটার) শীর্ষে আরোহণ করলেন এভারেস্টজয়ী বাবর আলী। গতকাল সোমবার সকালে তিনি হিমালয় পর্বতমালার এই পর্বতশৃঙ্গে ওড়ান বাংলাদেশের পতাকা। বাবরের সঙ্গে আছেন গাইড ফুর্বা অংগেল শেরপা।

এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের অভিযানের পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসাল।

বাবর আলীর সংগঠন এবং অভিযানের আয়োজক চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘অপেক্ষার অবসান! আবারও ইতিহাস! লাখো শুভাকাক্সক্ষীর প্রার্থনার উত্তর দিয়েছেন স্রষ্টা। প্রকৃতিমাতা বিমুখ হননি। বঙ্গসন্তান বাবরকে ক্ষণিকের জন্য নিজের চূড়ায় দাঁড়াতে দিয়েছে অন্নপূর্ণা। বিশে^র দশম শীর্ষ পর্বত এবং অন্যতম কঠিন পর্বত ২৬,৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১-এর শীর্ষে প্রথমবার উড়ল আমাদের লাল-সবুজের পতাকা।’

বাবর ইতিমধ্যে সুস্থাবস্থায় ক্যাম্প-৩-এ নেমে এসেছেন উল্লেখ করে ভার্টিক্যাল ড্রিমার্স জানিয়েছে, ‘যুদ্ধ এখানেই শেষ নয়। বাবরকে আজ (গতকাল) নেমে আসতে হবে ক্যাম্প-২-এর নিরাপত্তায়। আর আগামীকাল (আজ) নামতে হবে বেসক্যাম্পে। আর জানেনই তো চড়ার চেয়ে নামা অধিক ঝুঁকির। ওই বিপদসংকুল এলাকায় যোগাযোগ সম্ভব নয়। তাই শীর্ষের ছবি ও ভিডিওপ্রাপ্তি আপাতত সম্ভব নয়। তাই বাবরের নিরাপদ অবতরণের জন্য চলুক প্রার্থনা। এরপরই হবে উৎসব।’

ফরহান জামান বলেছেন, ‘অন্নপূর্ণা-১ শীর্ষে পৌঁছানোর মাধ্যমে বাবর আলী বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করেছেন। ওর কঠোর পরিশ্রম এবং নিরলস অধ্যবসায়ের প্রতিফলন এই সাফল্য। আমরা আশা করি, এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

তিনি আরও বলেন, ‘বাবর আলী আজই (গতকাল) ক্যাম্প-২-এ নেমে আসার চেষ্টা করবেন। সেখানে থেকে আগামীকাল (৮ এপ্রিল) নামতে পারেন বেজক্যাম্পে।’

পেশায় চিকিৎসক বাবর আলী পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত