সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীর লাগেজ তল্লাশি করে ৯১০ গ্রাম ওজনের সোনা পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত দল।
আটক ওই যাত্রীর নাম মোহাম্মদ মোকসুদ আহমেদ। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোভাষী পাড়ার আব্দুল খালেকের ছেলে। উদ্ধার হওয়া সোনা জব্দ করে পরে তাকে নগরের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সকাল সাড়ে ৭টায় শারজাহ থেকে এয়ার আরাবিয়ার ফ্লাইট (জি৯-৫২৬) শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ এয়ারপোর্টের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় তার হাত ঘড়িতে চেইন আকারের মোবাইল অ্যাডাপ্টরের ভেতর ও এয়ারপডের ভেতরে লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের সোনা পাওয়া যায়। এ ছাড়া অঘোষিত ১৬ পিস ডলফিনের মতো লকেট ২১৫ গ্রাম, ৭৮ পিস তারকার মতো লকেট ১২৮ গ্রাম, বার ৩০ পিস ৪৬০ গ্রাম, চুড়ি ৪ পিস ৮০ গ্রাম, আংটি ২ পিস ২০ গ্রাম, চেইন ১ পিস ৭ গ্রাম জব্দ করা হয়েছে।
তিনি জানান, মোকসুদ আহমেদকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। বাজুসের তথ্যানুসারে, জব্দ সোনার বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা।
