প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন,কোনো ক্ষেত্রেই বা কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না করা হয়। বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে।
হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টায় কলেজের হলরুমে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফা-ের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান বিচারপতি আরও বলেন, আমি দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূরপ্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো আমার উদ্দেশ্য ছিল তার অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে। তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে এর মধ্যে কিছুটা দুর্গম পথ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সেই সংস্কারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রতিটি বিভাগে যাচ্ছি ও বিচারকদের সঙ্গে কথা বলছি। এ ছাড়া হিলিতে তার জন্মস্থান নিয়ে স্মৃতিচারণ করেন।
এর আগে প্রধান বিচারপতি কলেজে উপস্থিত হলে জেলা ও উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে কলেজের সভাকক্ষে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা করেন। এর পরে কলেজের হলরুমে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। কলেজের ১০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া, দিনাজপুর সিনিয়র ও দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন।
