বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হলো ফেডারেশন কাপ। চলতি মৌসুম থেকেই বদলে গেছে এ প্রতিযোগিতাটির পরিচালন কাঠামো। দশটি ক্লাবকে দুই গ্রুপে ভাগ করে প্রথম পর্ব শেষ হয়েছিল জানুয়ারিতেই। দুই মাসের বেশি সময় পর ফের মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। আধুনিক সময়ের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো কোয়ালিফায়ার ও এলিমিনেটর পদ্ধতিতে হচ্ছে ফেডারেশন কাপের চূড়ান্ত পর্ব। যেখানে প্রথম কোয়ালিফায়ারে আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আবাহনী। আর দুই গ্রুপ রানারআ ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ ময়মনসিংহে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে আসরে টিকে থাকার লড়াইয়ে।
গত বছরের ১০ ডিসেম্বর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে এবারের ফেডারেশন কাপের শুভসূচনা করেছিল আবাহনী। এরপর মোহামেডানের বিপক্ষে ১-০ গোলের জয়টি ছিল তাদের এ আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়। এরপর ফকিরেরপুলকে ৩-০ ও রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত হিসেবেই ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় ধানমণ্ডির ক্লাবটি। এতদিন বিদেশি ছাড়াই মৌসুম পার করা মারুফুল হকের দলটিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান রাফায়েল ও নাইজেরিয়ান এমেকা। তাই বাড়তি শক্তি নিয়েই সরাসরি ফাইনালে ওঠার লক্ষ্য ক্লাবটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘ঈদের তিন দিন ছাড়া পুরো রোজার মাসেই আমাদের অনুশীলন চলেছে। আজও (কাল) কুমিল্লায় দল ভালো একটি অনুশীলন সেশন পার করেছে। এ ম্যাচে জয়ের ব্যাপারে কোচ-খেলোয়াড়সহ আমরা প্রত্যেকেই দৃঢ় আশাবাদী।’
অন্যদিকে নতুন কোচ ভ্যালেরিয়া তিতার অধীনে ব্রাদার্সকে ১-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ফর্টিসের কাছে ০-২ গোলে হেরে বসে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন দল বসুন্ধরা। এরপর পুলিশের সঙ্গে ৩-২ ও ওয়ান্ডারার্সের সঙ্গে ৫-০ গোলে জয়ে গ্রুপ পর্ব শেষ হয় কিংসদের। এবারের মৌসুমে লিগে আবাহনীর সঙ্গে একবারই দেখা হয়েছে বসুন্ধরার। ম্যাচের তৃতীয় মিনিটে করাসুমন রেজার একমাত্র গোলের পর দ্বিতীয়ার্ধে মিগেল ফিগেইরার পেনাল্টি মিসের খেসারত দিয়ে ওই ম্যাচে আবাহনীর কাছে হারতে হয়েছিল বসুন্ধরাকে। মার্চে কিংসের পুরনো খেলোয়াড় উজবেকিস্তানের আসরর গফুরভের পাশাপাশি ঘানার উইঙ্গার ইভান্স ইত্তি, ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যাসিয়েল ও বয়সভিত্তিক আর্জেন্টাইন স্ট্রাইকার জুয়ান ল্যাসকানোর দলে যোগ হওয়ায় বেড়েছে শক্তি। তবে এদের মধ্যে ইনজুরির কারণে ল্যাসকানো খেলতে পারবেন না বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন ক্লাবটির মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক। এ ছাড়া নবজাতকের পাশে থাকতে ছুটি নেওয়া মিগেল ফিগেইরা এখনো ফেরেননি। সেই সঙ্গে গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটের মধ্যে চোট নিয়ে মাঠ ছাড়েন তপু বর্মণ। এই ডিফেন্ডার এখনো ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠেননি। কাঁধের চোটে পড়েছেন আরেক সেন্টার ব্যাক তারিক কাজী। অনুশীলনে কলারবোন ভেঙে গেছে এই ডিফেন্ডারের। প্রায় তিন মাসের মতো তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। শায়েক বলেন, ‘রক্ষণে কিছুটা দুর্বলতা রয়েছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় এবার ফেডারেশন কাপ ধরে রাখার ব্যাপারে আমরা প্রত্যয়ী। তাই এই ম্যাচেও জয়ের উদ্দেশ্যেই আমরা মাঠে নামব।’
আনুষ্ঠানিক নাম দ্বিতীয় কোয়ালিফায়ার হলেও আদতে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচ জিতলেই তবে তৃতীয় কোয়ালিফায়ার তথা আবাহনী-কিংসের মধ্যকার ম্যাচের হেরে যাওয়া দলের মুখোমুখি হতে পারবে যেকোনো একটি দল। আর বিদায়ঘণ্টা বাজবে হেরে যাওয়া দলটির। ‘বি’ গ্রুপের রানারআপ রহমতগঞ্জ শক্তিশালী মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে শুরু করা আসরটির চার ম্যাচের একটিতেই মাত্র হেরেছে। সেটিও আবাহনীর কাছে। দলে শেখ জামাল ধানম-িতে একসময় খেলা গাম্বিয়ান ফুটবলার সলোমন যোগ হওয়ায় বেড়েছে শক্তি। অন্যদিকে ব্রাদার্স দুটি জয়ের সঙ্গে একটি করে হার ও ড্র নিয়ে উঠেছে চূড়ান্ত পর্বে। তবে মধ্যবর্তী দলবদলে ব্রাদার্সে যোগ দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
'ম্যাচে এক পান্ডিয়াই জিতে', ছোট ভাইয়ের মুম্বাইকে হারানোর পর ক্রুনাল