মাদারীপুরে প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নে ‘ঘুষ বাণিজ্য’সহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ সময় অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান দুদকের টিমের সঙ্গে বাগ্বিত-ায় জড়ান।

গতকাল মঙ্গলবার সকালে শহরের শকুনি লেকের পাড়ে সরকারি সম্মিলিত অফিস ভবনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়।

দুদক মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সম্প্রতি মাদারীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ হয়। এরপর ওই শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়। পদায়ন করতে শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। ওই কর্মকর্তার বিরুদ্ধে ঝরেপড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষাসামগ্রী ক্রয়ের অর্থের লাখ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযানে যায় মাদারীপুর দুদকের ৭ সদস্যের একটি দল। এ সময় প্রশ্ন করলে রেগে যান অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। তিনি দুদকের টিমের সদস্যদের সঙ্গে বাগ্বিত-ায় জড়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত