মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাটকা নিধন বন্ধ হলে এবং উৎপাদন বাড়াতে পারলে দেশে ইলিশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। জাটকা সংরক্ষণের জন্য আমরা ক্ষতিকর জাল তৈরি করে এমন সব কারখানা বন্ধ করার কার্যক্রম চলমান রেখেছি। ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এই প্রতিপাদ্যে বরিশাল বেলস পার্কে গতকাল মঙ্গলবার দুপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
মৎস্য উপদেষ্টা বলেন, ইলিশের বাড়ি ভোলা আর বিভাগ বরিশাল। কেননা দেশে উৎপাদিত মোট ইলিশের ৬৫.৮৮ শতাংশ বরিশাল বিভাগে উৎপাদিত হয়। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় ভোলা জেলায়।
তিনি বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক নামে একটি বিশেষায়িত ব্যাংক চালু করার জন্য চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের জেলেরা সেখান থেকে সহজ শর্তে ঋণ নিতে পারে। জাটকা সংরক্ষণকালীন জেলেদের যে খাদ্যসহায়তা দেওয়া হয় তা পূর্বের চেয়ে বাড়ানোর জন্যও আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’ এ সময় তিনি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে উল্লেখ করে উপস্থিত সবাইকে জাটকা নিধন বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ কোস্ট গার্ড (ভোলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান, বাংলাদেশ নৌ বাহিনী খুলনা অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন আজাদ ও নৌ-পুলিশ সুপার এসএম নাজমুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বরিশাল ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা, বিভিন্ন শ্রেণির মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য নৌ-র্যালির আয়োজন করা হয়। রালিটি কীর্তনখোলা নদীর ডিসি ঘাট থেকে শুরু হয়ে চরমোনাইতে গিয়ে শেষ হয়।
গতকাল থেকে দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫’ উদ্যাপিত হচ্ছে। জেলা সমূহ হচ্ছে-ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট ও সিরাজগঞ্জ।
