বাংলাদেশ রেলওয়ের প্রকল্প গ্রহণে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহারের পরামর্শ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল মঙ্গলবার রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে রেল অপারেশন ও সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্বিঘœ ঈদযাত্রা নিশ্চিতে এক মতবিনিময় সভায় এ পরামর্শ দেন তিনি।
রেলের লোকোমোটিভ ও কোচের সংকট রয়েছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘পর্যাপ্ত কোচ ও ইঞ্জিন সংগ্রহের জন্য আমরা চেষ্টা করছি। ২০০ কোচ সংগ্রহের যে প্রকল্প বাস্তবায়নাধীন আছে তা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাকে অ্যাসেম্বলিং (সংযোজন) ও মেরামত কারখানায় রূপান্তর করতে হবে। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প প্রস্তাবনা তৈরি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ক্রয়ধর্মী প্রকল্পের মেয়াদ এক থেকে দুই বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রকল্পে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহার করতে হবে।’ ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না সবাইকে এমন সতর্কবার্তা দেন উপদেষ্টা।
ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধে অনলাইন টিকেটিং সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজ ডটকম-কে আরও আন্তরিক ও সতর্ক থাকার জন্য নির্দেশ দেন রেল উপদেষ্টা। সহজ ডটকমের প্রতিনিধিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘টিকিট কালোবাজারি প্রতিরোধে সহজ ডটকম যদি কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তবে তাদের সঙ্গে রেলওয়ের বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে।’
