বগুড়া অপহৃত ট্রাক ড্রাইভারকে উদ্ধার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সদরথানাধীন নারুলী পুলিশের এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক।
এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
অপরদিকে রাতভর অভিযান চালিয়ে বুধবার ভোরে সোনাতলার উপজেলার যমুনার চর থেকে তিন হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বগুড়া সদরের নারুলী দক্ষিণপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মো. জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার মো. আমিনুল হকের ছেলে মো. নুর আলম ওরফে সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার মো. আলম প্রাংয়ের ছেলে মো. রাব্বি হোসেন (২০)।
নারুলী পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি নারুলিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে ট্রাকটি খালি অবস্থায় একটি ছ'মিলের পাশে রেখে দেয়। এরপর চালককে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রাখা হয় এবং তার মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। এ সময় সুইট পালিয়ে গেলেও প্রাচীরের পাশ থেকে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব।
পরে পুলিশের অভিযানে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর হলেও বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পরপরই পুলিশ রাতে অভিযান পরিচালনা শুরু করে। বুধবার ভোররাতে জেলার সোনাতলা উপজেলার যমুনা নদী চর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নারুলি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অপহৃত ট্রাক ড্রাইভারকে উদ্ধার করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে ট্রাক ড্রাইভারের পরিচয় গোপন রাখা হয়েছে বলেও জানান তিনি।
পানিতে ডুবে মা ছেলেসহ ৩ জনের মৃত্যু
যশোরে গৃহবধূকে গলা কেটে হত্যা