দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। গতকাল বুধবার দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন। বৈঠক শেষে বেলা আড়াইটার দিকে দুদক থেকে বেরিয়ে যান।
দুদক থেকে বের হয়ে হয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো লিখিতভাবে জানিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভেরি কনফিডেনশিয়াল।
অভিযোগ কাদের বিরুদ্ধে এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন, এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনশিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না। তা ছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।
এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না।
