সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে সংঘাতের কোনো সম্ভাবনা নেই

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৬:০১ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো সম্ভাবনা নেই। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের ফিরিয়ে আনার বিষয়ে একটি চুক্তি রয়েছে। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আছে। এখনো বিভিন্ন থানার বেশ কিছু অস্ত্র উদ্ধারের কাজ চলছে। এসব উদ্ধার হয়ে গেলে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।

সব অস্ত্র উদ্ধার হয়নি, আমরা চেষ্টা করে যাচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘৫ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। অস্ত্র উদ্ধার না হলে নিরাপত্তা হুমকি কিছুটা হলেও থাকবে। তাই অস্ত্র উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।’ গতকাল বৃহস্পতিবার সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

থানা পরিদর্শনের সময় সেখানে তার সম্মানে বিছানো লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি বারবার বলেছি তোমাদের, এই প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারি না। একশ বার একটা কথা বললে তোমরা শোন না, লাল কার্পেট কেন রাখছ, উঠাও উঠাও।’ এরপর পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে লালগালিচা তুলে ফেলেন।

থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন ‘আপনারা জানেন যে, পুলিশের থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক সমস্য আছে। এই যে ধরেন তারা একটা ভাড়া বাড়িতে থাকে। সেখানে থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, এগুলোর উন্নতি করা দরকার। আপনারা এগুলো বলবেন যে, এদের থাকা এবং খাওয়ার উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, তাদেরকেও দিতে হবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর পর আর কোনো আপডেট আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘ইন্টারপোলের আপডেটটা আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানাব।’

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্ম্পকে তিনি বলেন, ‘আমার থেকে তো আপনারা ভালো বলতে পারবেন। আপনারা তো দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ান। চেঞ্জ অনেক হইছে, আল্লাহ দিলে আরও হবে। দেখুন, যে যাই বলুক না কেন, রোজার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হইছে।’

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন, ‘আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা বলবেন। যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদের আমরা ধরে আনব। তাদের আইনের আওতায় নিয়ে আসব।’

পুলিশ কাজ করতে ভয় পাচ্ছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না পুলিশ ভয় পাচ্ছে না। এ ছাড়া মবও কমে এসেছে। সিলেটে সম্প্রতি যে ঘটনাটি ঘটল সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এখানে কে কার ভাই, কে কার সম্পর্কে কি, সেটা আমরা মাথায় নিইনি। আইন সবার জন্য সমান। তাই আমি অনুরোধ করব, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত