এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করল চীন

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম

যুক্তরাষ্ট্র সব দেশের ওপর পালটা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেও চীনের পণ্যে শুল্ক স্থগিত না করেউলটো বাড়িয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। যার পাল্টা জবাব আগেই দিয়েছিল চীন। নতুন করে মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে চীন। শুক্রবার (১১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন মার্কিন পণ্যে ১২৫ শতাংশ পাল্টা শুল্কারোপ করেছে। এর আগে গত বুধবার চীন মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এ ছাড়া অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট অ্যামাজনে নিজেদের পণ্যের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন চীনের ব্যবসায়ীরা। 

এদিকে চীনের সর্বশেষ এই পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই এই অর্থনৈতিক শক্তির মধ্যে গত বছর, সব মিলিয়ে প্রায় ৫৮৫ বিলিয়ন ডলার (৫৮ হাজার ৫০০ কোটি ডলার) মূল্যের পণ্য বাণিজ্য হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রাসী শুল্কনীতি ঘোষণার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ চলছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে নতুন করে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। এখন দেখার অপেক্ষা কীভাবে এর প্রতিক্রিয়া দেখায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের আরোপিত ‘অস্বাভাবিক উচ্চ শুল্ক’ আন্তর্জাতিক ও অর্থনৈতিক বাণিজ্যনীতি, মৌলিক অর্থনৈতিক আইন এবং সাধারণ বিচার-বিবেচনার গুরুতর লঙ্ঘন করেছে। এটি সম্পূর্ণরূপে একতরফা গুন্ডামি ও জবরদস্তি।

যদিও চীন যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ পণ্য আমদানি করেছে তার তুলনায়, চীন থেকে অনেক বেশি পরিমাণে পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। হিসাব অনুযায়ী, গত বছর চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হয়েছে ৪৪০ বিলিয়ন ডলার (৪৪ হাজার কোটি ডলার) মূল্যের বাণিজ্য পণ্য আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীন আমদানি করেছে ১৪৫ বিলিয়ন ডলার (১৪ হাজার ৫০০ কোটি ডলার) মূল্যের পণ্য। 

২০২৪ সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল ২৯৫ বিলিয়ন ডলার (২৯ হাজার ৫০০ কোটি ডলার)। এই ঘাটতি বেশ উল্লেখযোগ্য এবং এর পরিমাণ মার্কিন অর্থনীতির প্রায় এক শতাংশের সমান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত