সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ১৫ মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের ওপর সাভার পরিবহনের যাত্রীবাহী বাসে এবং সোয়া ১২টার দিকে সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহনের বাসে এ ডাকাতির ঘটনা ঘটে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাভার পরিবহনের একটি বাস দুপুর ১২টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছলে যাত্রীবেশে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। পরে বাসটি রাজধানীর গাবতলীতে পৌঁছলে যাত্রীরা বাসের চালক ও সহকারী আটক করে দারুসসালাম থানায় সোপর্দ করেন।
এর ১৫ মিনিট পর সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিঅ্যান্ডবির বাসস্ট্যান্ড এলাকায় রাজধানী পরিবহনে অন্য একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীবেশে থাকা ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থাকা মূল্যবান মালামাল লুটে নেয়।
সাভার পরিবহনের প্রত্যক্ষদর্শী বাসযাত্রী তায়েফুর রহমান বলেন, ‘আমি সাভার পরিবহনের একটি বাসে করে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। বাসটি ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে থামানো হলে তিনজন যুবক গাড়িতে ওঠে। পরে গাড়িটি ব্যাংকটাউন ব্রিজের ওপর পৌঁছালে মহিলা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেমে যায়।’ তিনি আরও বলেন, ‘ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলায় থাকা লক্ষাধিক টাকা মূল্যের লকেটসহ এক ভরি ওজনের সোনার চেইন নিয়ে গেছে। এ সময় অন্যান্য নারী যাত্রীর কাছ থেকে একইভাবে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে বাসটির চালক এবং সহকারী ছিনতাইকারীদের সঙ্গে জড়িত রয়েছে। তাদের আইনের আওতায় আনা হলে ছিনতাইকারীদের তথ্য পাওয়া যেতে পারে।’
স্থানীয়রা জানায়, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা কোনোভাবেই থামছে না। বাসে ডাকাতি ও ছিনতাই রোধে মহাসড়কের বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক তল্লাশি চৌকি বসানো হলেও শুক্রবার পুলিশের এই তৎপরতার মাঝেও দুটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ছিনতাইকারীদের ধরতে আমাদের সার্বক্ষণিক টহল টিম রয়েছে। ঘটনার সময়ও গ-া এলাকায় আমাদের সদস্যরা কাজ করছিল। সাভার পরিবহনের বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানতে পেরেছি। ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ব্যাংক টাউনের অদূরে পুলিশ টাউন এলাকার সেতুর কাছে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর গত ২ মার্চ দুপুরে দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। পরে ৪ এপ্রিল একই এলাকায় ইতিহাস পরিবহনের আরেকটি চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ নিয়ে গত তিন মাসে সাভারে চলন্ত বাসে পাঁচটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল।
