ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরিচালিত বিমান হামলায় গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০৬ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সর্বশেষ এই হামলাসহ গত দেড় বছরে গাজায় মোট ৫০ হাজার ৯১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন। হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় গাজায়। জিম্মিদের উদ্ধারে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ।
টানা ১৫ মাস ধরে সামরিক অভিযান চালানোর পর, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ২০২৪ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে দুই মাসেরও কম সময়ের মধ্যে, গত ১৮ মার্চ থেকে আবারও নতুন করে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই হামলায় গত ১৫ দিনে প্রাণ হারিয়েছেন ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
হামাসের হাতে অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযানের মাধ্যমেই তাদের মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এদিকে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও তোলা হয়েছে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ছবি-ভিডিও ডিলিটের অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে
বিএনপির সহ-সভাপতি যোগ দিলেন জামায়াতে