ইউক্রেনে রুশ আগ্রাসন

যুদ্ধবিরতি প্রশ্নে পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

ইউক্রেনে যুদ্ধ অবসানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেছেন  যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে চার ঘণ্টার বেশি স্থায়ী এই বৈঠকে ইউক্রেন সংকট সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ক্রেমলিন। এই আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। তবে দুই নেতার এই বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়াকে দিয়ে যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন উইটকফ। পুতিনের সঙ্গে বৈঠকে এটিই অগ্রাধিকার পেয়েছে। এটি ছিল চলতি বছরে পুতিনের সঙ্গে উইটকফের তৃতীয় বৈঠক। উইটকফ মনে করেন, ইউক্রেনের পূর্বদিকের চারটি অঞ্চলকে নিজেদের মালিকানায় আনতে রাশিয়া যে কৌশল নিয়েছে, তাকে সমর্থন দেওয়াটাই ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার দ্রুততম উপায়। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ ব্যক্তির বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছেন। ২০২২ সালে ইউক্রেনের ওই চার অঞ্চলকে রাশিয়া অবৈধভাবে নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালিয়েছিল। এর আগেও উইটকফ একই ধরনের মনোভাব জানিয়েছিলেন। গত মাসে গণমাধ্যমব্যক্তিত্ব টাকার কার্লসনকে দেওয়া একটি ব্রডকাস্ট সাক্ষাৎকারে প্রকাশ্যে এই অভিমত জানিয়েছিলেন তিনি।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে পুতিনকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন। আলোচনার অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে শুক্রবার ট্রাম্প বলেন, রাশিয়াকে এখনই এগোতে হবে। একটি ভয়াবহ এবং অপ্রয়োজনীয় যুদ্ধে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তবে ট্রাম্পের ইউক্রেনবিষয়ক দূত কিথ কেলগের বিরুদ্ধে ইউক্রেন বিভক্ত করার অভিপ্রায়ের অভিযোগ তুলেছে ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস। কিন্তু কেলোথ তা অস্বীকার করে এক্স বার্তায় জানান, প্রতিবেদনে তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি বলেন, আমি যুদ্ধবিরতির পর একটি ‘স্থিতিশীলতা বজায় রাখা বাহিনী’ নিয়ে বলেছি যারা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। এদিকে, কিয়েভের ইউরোপীয় মিত্ররা দেশটিকে আরও ২ হাজার ১০০ কোটি ইউরোর সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত