মাগুরায় চাঞ্চল্যকর আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। এতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছে। এর আগে গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র আজই (রবিবার) আদালতে দাখিল করা হবে। তিনি আরও বলেন, আইনের বিধান অনুযায়ী এ মামলার বিচারকাজ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, চাঞ্চল্যকর এ মামলায় অভিযুক্ত চারজন আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে গতকাল রাত সাড়ে ৯টায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে নিহত শিশুর ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে হত্যার হুমকি ও ভয়ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, বোনের বাড়ি বেড়াতে এসে আট বছরের শিশুটি গত ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষণের শিকার হয়। গুরুতর অবস্থায় শিশুকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ভর্তি করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটি মারা যায়। এ ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারা দেশে ব্যাপক আন্দোলন হয়।
