মেসির নাম রাখা হয়েছে যার নামে

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম

লিওনেল মেসিকে গোটা বিশ্ব এক নামে চেনে। আর্জেন্টিনার ফুটবল জাদুকরের নাম রাখার পেছনেও এক ইতিহাস আছে। মেসির বাবা-মা তার ছেলের নাম রেখেছিলেন বিখ্যাত মার্কিন গায়ক ও গীতিকার লিওনেল রিচির নামে। অনেকে হয়তো জানেই না এই গল্প। বিস্ময়কর হলেও সত্য যে, দুই ভুবনের দুই সুপারস্টারের সাক্ষাৎ হলো এই প্রথমবার।

গত বৃহস্পতিবার চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে এলএএফসির বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন মেসি। সেই ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে বিশ্বকাপজয়ী সুপারস্টারের সঙ্গে দেখা হয় বিখ্যাত ‘দ্য কমোডোরস’ ব্যান্ডের সাবেক ভোকাল রিচির। শুভেচ্ছা বিনিময়ের পর কিছু সময় কথা বলেন দুজন। পরে সেই মুহূর্তের ছবি পোস্ট করে রিচি লিখেছেন, ‘যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা। ওর মা আমার নামে ওর নাম রেখেছিলেন... আর আজ আমাদের দেখা হলো। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।’

মেসির নামকরণের গল্পটি বেশ মজার। তার মা মারিয়া কুচ্চিত্তিনি ২০১০ সালে বলেছিলেন, ‘ওর জন্ম সহজ ছিল না। আমার ডেলিভারির নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। ডাক্তার আর ঝুঁকি নিতে চাইলেন না। বললেন- লেবার ইন্ডিউস করবেন। সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলাম, আর লিও জন্ম নেয় বিকেল ৪টা ২০ মিনিটে। এরপর নাম রাখা নিয়ে বিপত্তি বাধে।’

আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল তেলেফেকে মেসির মা আরও বলেছিলেন, ‘হঠাৎ মনে পড়ে, ছেলের জন্য নাম তো ঠিক করা হয়নি! আমি সব সময় “Leonel” নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে ওর নাম রাখে “Lionel”। তখন আমি বলি, “এটা তুমি কী করলে!” সে আমাকে বলল, “আমরা দুজনই তো লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই ওই বানানে রেখেছি”।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত