রিশাদের আবার ৩ উইকেট, করাচিকে হারালো লাহোর

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৫ এএম

পিএসএলের উদ্বোধনী ম্যাচে রিশাদ হোসেনকে কেনো খেলায়নি তা নিয়ে এখন আফসোস করতে পারে লাহোর কালান্দার্স। পরের দুম্যাচে যে দারুণ বোলিংয়ে ৩+৩ -৬ উইকেট নিয়ে লাহোরকে জয় এনে দিলেন বাংলাদেশি লেগ স্পিনার। কোয়েটা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষ ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন। মঙ্গলবার রিশাদ ৩ উইকেট নিয়েছেন ২৬ রান দিয়ে।

রাচিতে কোয়েটার বিপক্ষে সপ্তম ওভারে রিশাদ হোসেনকে বোলিং দিলেও করাচির ম্যাচে শাহীন আফ্রিদি বল দিয়েছেন অষ্টম ওভারে। বোলিংয়ে এসে প্রথম বলেই দলকে উইকেট এনে দিয়েছেন তিনি। তার গুগলিতে রিভার্স ‍সুইপ করতে গিয়ে  উইকেটের পেছনে স্যাম বিলিংসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন শান মাসুদ।

যদি অনফিল্ড আম্পায়ার পল রাইফেল শুরুতে আউট দেননি। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন বিলিংস। টিভি রিপ্লেতে দেখা যায় শান মাসুদের গ্লাভস ছুঁয়ে বল বিলিংসের গ্লাভসে জমা পড়ে।  ওই ওভারেই ইরফান খান ফুলার লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় লং অনে মিচেলের হাতে ক্যাচ দিয়েছেন।

সিকান্দার রাজার পর আবারও বোলিংয়ে আনা হয় রিশাদকে। নিজের দ্বিতীয় ওভারে পঞ্চম বলেই উইকেট তুলে নিয়েছেন তিনি। তার অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে আউট সাইড এজ হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা জামান খানের হাতে ক্যাচ দিয়েছেন আব্বাস আফ্রিদি। আরেকটি উইকেট পেতে পারতেন রিশাদ। তার শেষ ওভারে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে রাজার হাতে ক্যাচ দিয়েছিলেন খুশদিল। তবে ক্যাচ নেয়ার সময় সীমানা ছুঁয়ে ফেলায় সেটি ছক্কা হয়।

রিশাদ ছাড়াও লাহোরের হয়ে শাহীন আফ্রিদি তিনটি ও রাজা নিয়েছেন দুটি উইকেট। করাচির ব্যাটিং ব্যর্থতার দিনে সর্বোচ্চ ২৭ বলে ৩৯ রান করেছেন খুশদিল। এ ছাড়া সেইফার্ট ১৮, শান মাসুদ ১৮, হাসান আলী ২৭ এবং শেষের দিকে ৭ বলে ১৬ রান করেছেন অ্যাডাম মিলনে। ৫ বল
বাকি থাকতেই লাহোরের ২০১ রানের জবাবে ১৩৬ রানে অল আউট হয় করাচি। পিএসএলের চলতি আসরে তিন ম্যাচে লাহোরের এটি দ্বিতীয় জয়। লাহোরের পরের ম্যাচ ২২ এপ্রিল মুলতানের বিপক্ষে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত