আন্তর্জাতিক বাজারে সোনার দাম রেকর্ড ছুঁয়েছে। এই ধারাবাহিকতায় স্থানীয় বাজারেও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের প্রতিভরি সোনার দাম ৩ হাজার ৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ২০৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা দেশের বাজারেও রেকর্ড। এই দাম আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
জানা গেছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে আউন্সপ্রতি দাম উঠেছে ৩ হাজার ৩০০ ডলার। যা ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের আগেও ছিল ৩ হাজার ১৫০ ডলারে। বাজুস বলছে, অন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্থানীয় তেজাবি বাজারেও সোনার দাম বেড়েছে। ফলে স্থানীয় বাজারে সোনার ব্যবসায়ীদের এ সংগঠনটি সোনার দাম বৃদ্ধি করল।
এর আগে গত ১৩ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। এতদিন দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম ছিল। এই রেকর্ড দাম নির্ধারণ করার একদিন পর অর্থাৎ১৪ এপ্রিল সোনার দাম কিছুটা কমানো হয়। এখন আবার দাম বাড়ানো হলো। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় সোনার দাম। গতকাল বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর এ ঘোষণা দেয়।
নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪৮৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ১২২ টাকা বাড়িয়ে ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ১৪ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৯১ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৫১ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩৪ টাকা কমিয়ে ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়।। আজ বুধবার এ দামেই সোনা বিক্রি হয়েছে। সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা।
