পহেলা বৈশাখে নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বঙ্গাব্দ ১৪৩২-কে বরণ করে নিলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। ১৩-১৫ এপ্রিল তিনদিনের আয়োজনে বৈশাখী মেলার পাশাপাশি ছিলো শিক্ষার্থীদের আয়োজনে সঙ্গীত, নৃত্য ও নাটকের পরিবেশনা।
আইইউবি আর্ট ক্লাবের উদ্যোগে বর্ণিল আল্পনায় সাজানো হয় পুরো ক্যাম্পাস। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সকালে সঙ্গীত পরিবেশন করে আইইউবি মিউজিক ক্লাব এবং নৃত্য পরিবেশন করে আইইউবি ডান্স ক্লাব। এছাড়াও, ১৩-১৪ এপ্রিল আইইউবি থিয়েটারের উদ্যোগে আয়োজিত নাট্যোৎসবে মঞ্চস্থ হয় মোট ৪টি নাটক। বৈশাখী উৎসবের সার্বিক আয়োজনে ছিলো ডিভিশন অফ স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা), সহযোগিতায় ছিলো আর্ট ক্লাব, মিউজিক ক্লাব, ড্যান্স ক্লাব এবং ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাব।
নববর্ষের সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইইউবির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক মো. তামিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কাউন্সিল অ্যাফেয়ার্সের পরিচালক জনাব আশরাফুল আমিন এবং ডোসার প্রধান জনাব আতিফ মো. সাফি।
আইইউবির সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অনেকের পরিবারের সদস্যবৃন্দ এই আয়োজন উপভোগ করেন। দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বৈশাখী মেলা যেখানে ছিলো ঐতিহ্যবাহী নাগরদোলা, যা শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সীদের নজর কাড়ে।
