জাতীয় স্মৃতিসৌধে আ-আম জনতা পার্টির শ্রদ্ধা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পিএম

সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্ততক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে দলের নেতাকর্মীরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের অভিব্যক্তি লেখেন দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমীন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার দৃঢ় সংকল্প ব্যাক্ত করে দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। কারো সঙ্গে বৈরিতা নয়, আমাদের উদ্দেশ্য দেশের কল্যাণে সবাইকে একত্রে কাজ করা। এ সময় ‘২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আমরা তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাই।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রফিকুল আমীন বলেন, প্রথম থেকেই সাংবাদিকরা আমাদের নতুন রাজনৈতিক দলকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আগামী দিনগুলোতে পথচলায়ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আ-আম জনতা পার্টি নিরলসভাবে কাজ করবে। আমরা দেশের উন্নতির জন্য একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত