নারায়ণগঞ্জ

নির্বাচনের আগে সংস্কারের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম

নারায়ণগঞ্জে আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত হয়েছে। প্রথমে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষ করে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে একদল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নির্দিষ্ট একটি দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা এখনও হত্যার বিচার চায়নি। আপনারা আমাদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না। শুধু নির্বাচনের জন্য আমরা রক্ত দেয়নি। দেশের ভবিষ্যৎ বদলানোর জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা চাচ্ছি আগে এই দেশে খুনি হাসিনার বিচার হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আমাদের শিক্ষাখাত প্রায় ধ্বংস; চিকিৎসার জন্য ভারতের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। ড. ইউনূস ইতোমধ্যে বড় হাসপাতাল করার উদ্যোগ নিয়েছেন।

তারা আরও বলেন, এখনই যদি নির্বাচন হয় তাহলে প্রয়োজনীয় সংস্কার হবে না। যারা এখন নির্বাচন নির্বাচন করছে তাদের কথা দিল্লীর কথা পতিত আওয়ামী লীগের কথার সুর প্রায় এক। তাদের এই কথার কারণে তাদের শরীর থেকে স্বৈরাচারের গন্ধ পাচ্ছি। আপনারা যদি দেশের ভালো চান আপনাদের কাছে যদি দেশ বড় হয়ে থাকে তাহলে ইউনূসের হাতকে শক্তিশালী করেন। আমরা বিপ্লবের মাধ্যমে যে সরকার বসিয়েছি। আমরা চাচ্ছি না মৌলিক সংস্কারের আগে নির্বাচন হোক।

এসময় উপস্থিত ছিলেন অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন, মাস্টার্সের শিক্ষার্থী কামরুল ইসলাম, জুলাইয়ে আহত রাব্বি ইসলাম নিলয়, আহত আকরাম সাঈদ, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান কৌশিক ও আলিফ দেওয়ানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত