ডিবি ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম

খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর বয়রা আজিজের মোড় এলাকার পুলিশের সাবেক ইন্সপেক্টর মাহফুজের বাড়ির ভাড়াটিয়া ইফতেয়ার উদ্দীন সুমন ঢালীর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মাসুদ রানা, ফয়সাল মাহমুদ, মো. সালাউদ্দিন এবং রিফাত পারভেজ রাফি।

ভুক্তভোগী ভাড়াটিয়া ইফতেয়ার উদ্দীন সুমন ঢালী জানান, তিনি অনলাইনে ক্রিপ্টো কারেন্সির ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে চারজন প্রথমে ডিবি পরিচয় দিয়ে তার ঘরে ঢোকে। এরপর একটি ঘরে তাকে আটকে মারধর করতে থাকে এবং অনলাইনে জুয়ার কারবারি হিসেবে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। এ সময় ওই চারজন নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দেন। তিনি বলেন, ‘টাকা দিতে না পারায় আলমারি থেকে আমার স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে নেয়। তবে চিৎকার শুনে লোকজন চলে এলে আমি বেঁচে যাই।’

স্থানীয়রা জানান, ভাড়াটিয়ার কাছে অভিযোগ শুনে ওই চারজনকে আটকে রেখে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।

কেএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) হুমায়ুন কবির বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে তারা ভাড়াটিয়া সুমনের কাছে আরও ২ লাখ টাকা দাবি করে। দাবি করা টাকা না দেওয়ায় তাদের মারধর করে তারা। এ সময়ে ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকার মানুষ জড়ো হয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়। তারা নিজেদের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিতে থাকে। এক সময়ে নিজেদের সমন্বয়কের পরিচয় দেয়। তাদের পরিচয় শনাক্ত হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে থানায় নেওয়া হয়।’

এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত