টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসা মার্কেটের দোকান ভাড়া নিয়ে ১০ বছর যাবৎ ভাড়া পরিশোধ না করে দোকান দখলে রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম নামের এক পুলিশ সদস্যদের বিরুদ্ধে। জাহাঙ্গীর আলম বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত রয়েছেন। তার দেখাদেখি আরও দুজন দোকান ভাড়া না দিয়ে দোকান দখলে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দুজনের মধ্যে একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া দক্ষিণপাড়া গ্রামের ফোরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মার্কেটে থাকা তিনটি দোকান ঘর নিয়ে এই অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে জানা গেছে, দেওড়া দক্ষিণপাড়া এলাকায় ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ফোরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার আয় বৃদ্ধির জন্য ২০০৫ সালে মাদ্রাসা কমিটি দেওড়া বাজারে একটি ভবন নির্মাণ করে। ওই ভবনে পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম এটি দোকান ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর ২০১৫ সাল পর্যন্ত তিনি দোকান ভাড়া পরিশোধ করলেও ২০১৬ সাল থেকে ভাড়া পরিশোধ না করে দোকান ঘর দখল করে রেখেছেন। মার্কেটের অন্য ভাড়াটিয়ারা দোকান ভাড়া দিলেও অভিযুক্ত ওই পুলিশ সদস্যের দেখাদেখি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. জসিম উদ্দিন এবং মুনছের মিয়া নামের এক ব্যক্তিও একইভাবে ভাড়া না দিয়ে দোকান দখল করে রেখেছেন।
অভিযুক্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসার একটি দোকান তিনি ৬৫ হাজার টাকা জামানত দিয়ে ভাড়া নিয়েছেন। বর্তমানে তিনি ভাড়ার টাকা পরিশোধ করছেন না। তিনি বলেন, ‘আগে আমাদের গ্রাম একটি সামাজের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে সমাজ ভেঙে তিনটি সমাজ হয়েছে। আমি তিন সমাজের লোক নিয়ে মাদ্রাসা পরিচালনার কথা বললেও বর্তমানে এক সমাজের লোক দিয়ে পরিচালনা করা হচ্ছে। এজন্য ভাড়া দেওয়া বন্ধ রেখেছি।’
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ভাড়ার টাকা যাতে মাদ্রাসায় যায় তিনি সেই ব্যবস্থা করবেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন বলেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমসহ তিনজন দোকান ভাড়া দিচ্ছেন না। আমরা বারবার নোটিস দিলেও তারা কর্ণপাত করছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম এ ব্যাপারে অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন, বিষয়টি তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখতে বলেছেন।
