রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল রাত আনুমানিক ১টা ৫৬ মিনিটে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, বাসার গেটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে।
