রাজবাড়ীতে প্রতিবেশীর সঙ্গে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে হার্ট অ্যাটাক করে বাবার মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী (৬৩) গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আক্কাস আলীর বাড়ির পাশেই দুটি কোয়েল পাখির ফার্ম রয়েছে। একটি আক্কাস আলীর, অন্যটি প্রতিবেশী ফরিদ শেখের। এই ফার্ম থেকে ছড়ানো দুর্গন্ধকে কেন্দ্র করে গত শুক্রবার রাত ৯টার দিকে আক্কাস আলীর পুত্রবধূর সঙ্গে লিটন শেখের বাগবিত-া হয়। রাত সাড়ে ৯টার দিকে আক্কাস আলীর ছেলে শাহীন শেখ বাড়িতে এলে তার সঙ্গেও লিটন শেখের বাগবিত-া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির একপর্যায়ে লিটন শেখের পরিবারের চার-পাঁচজন মিলে শাহীন শেখকে মারধর করতে থাকেন। আক্কাস আলী ঘর থেকে বেরিয়ে এসে ছেলে শাহীনকে বাঁচাতে গেলে প্রতিপক্ষের ধাক্কায় তিনি পড়ে গিয়ে হার্ট অ্যাটকে মারা যান।
