চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)-কে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এএনএফআরইএল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রার জন্য একটি মাইলফলক হবে।’
প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, ক্যাম্পেইন ও অ্যাডভোকেসির সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবিরতœ, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা অ্যামি।
বৈঠকে, এএনএফআরইএল প্রতিনিধিদল বাংলাদেশে চলমান বিভিন্ন উদ্যোগ বিশেষ করে নাগরিক সমাজের-নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো পুনর্গঠনের অঙ্গীকার তুলে ধরেন।
প্রতিনিধিদলটি অংশীজন ম্যাপিং এবং চাহিদা নিরূপণের মাধ্যমে নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদার এবং নির্বাচনী স্বচ্ছতা বৃদ্ধির সুযোগ চিহ্নিত করার বিষয়েও আলোচনা করে।
এএনএফআরইএল প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ এবং বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এএনএফআরইএল হলো এশিয়ার বিভিন্ন দেশে সুশীল সমাজের সংগঠনগুলোর একটি আঞ্চলিক নেটওয়ার্ক। সংস্থাটি দুই দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততাকে সক্রিয়ভাবে সমর্থন করে আসছে।
