এলডিপিতে যোগ দিলেন হাসান সারওয়ার্দী

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৪ এএম

বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিলেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। গতকাল শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদের হাতে ফুল দিয়ে এলডিপিতে যোগ দেন তিনি।

যোগদান অনুষ্ঠানে সারওয়ার্দী বলেন, ‘চাকরিতে থাকার সময় তাকে জীবিত মানুষ চাপা দিয়ে মেরে ফেলার আদেশ দিয়েছিল ফ্যাসিস্ট সরকার।’ তিনি বলেন, ‘আমি একজন সৈনিক। সৈনিক থাকতেই দানবের রূপ চোখে দেখেছি। আমি দেখেছি জীবিত মানুষকে চাপা দিয়ে মেরে ফেলার আদেশ দেওয়া হয়। আমি দেখেছি ১১৮টা পুড়ে যাওয়া লাশ। বলা হয়েছিল কাল এই লাশ নিয়ে মিছিল করবে বিএনপি, তাই গুম করে ফেলো। সেই প্রথম আমি গুমের সঙ্গে পরিচিত হলাম। ২০১৩ সালে প্রথম বুঝি সেনাবাহিনীর লোক দিয়ে গুম করানো হয়।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে সারওয়ার্দী জানান, ‘রাষ্ট্রের প্রধান এমন কোনো নির্দেশ দিলে সাধারণত একজন জেনারেলের সেটা শোনার কথা। কিন্তু তিনি শোনেননি।’ রাজনীতিতে আসার পেছনের কারণ জানিয়ে তিনি বলেন, ‘এমন একটি দল কর্নেল অলি আহমদের নেতৃত্বে তিনি খুঁজে পেয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ নেই। এই দলের কেউ মানুষ হত্যা করেনি। কখনো কারও ক্ষতি হোক চায়নি।’

যারা আদর্শিক রাজনীতি করতে চায়, তাদের এলডিপিতে যোগ দেওয়ার আহ্বানও জানান হাসান সারওয়ার্দী।

আলোচিত এই সেনা কর্মকর্তার বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট ছিলেন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ডের (এআরটিডিওসি) জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারওয়ার্দী। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশনসহ সেনাসদরের নানা গুরুত্বপূর্ণ পদে। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের পরিচালক অপারেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদপ্তরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফ্রিস্টাইলে দেশ চলছে : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আপনারা (অন্তর্বর্তী সরকার) কি দেশের জন্য কাজ করছেন? নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? আপনারা প্রায় ৯ মাস ক্ষমতায় আছেন। মনে হচ্ছে, ক্ষমতা ভোগ করছেন। জনগণের সমস্যা নিরসনে উল্লেখযোগ্য দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বর্তমানে ফ্রিস্টাইলে দেশ চলছে। ফলে দাবি-দাওয়ার শেষ নেই। বিনা কারণে যখন-তখন মিছিল হচ্ছে, রাস্তা অবরোধ এবং সর্বত্র বিশৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে। জনগণের ভোগান্তি চরমে।’

গতকাল শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে অলি আহমদ এসব কথা বলেন। এদিন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক নেতাকর্মী এলডিপিতে যোগ দেন। চৌধুরী হাসান সারওয়ার্দীর বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট ছিলেন। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনায় সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত