কারিগরি শিক্ষার্থীদের হুঁশিয়ারি

৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০২:১৪ পিএম

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ছয় দফা দাবি মেনে না নিলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। 

আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এই হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দাবি নিয়ে কোনো সমাধান না এলে আমরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাবো।’

এ সময় আরও বক্তব্য রাখেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাবিবুর রহমান। তিনি বলেন, ‘আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করেছি। দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি আরও জানান, কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই আমরা ক্লাসে ফিরে যাব, তবে আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না।

এদিকে, সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর তারা বিক্ষোভ মিছিল বের করেন, যা পরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। তাদের হাতে দেখা যায় বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড, যেমন ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’, ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ এলাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত