ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলার সময় শিশুর মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৭ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে জানালার গ্রিলে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলতে গিয়ে আফরা মাহনাজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে পৌর শহরের জামতলা মোড়সংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফরা মাহনাজ উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের আবদুল্লাহ আল মামুনের মেয়ে ও স্থানীয় সেন্ট্রাল স্কুলের ছাত্রী। শিশুটির পরিবার পৌর শহরের জামতলা মোড়ে একটি ভাড়া বাসায় বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি ফ্ল্যাটের কক্ষে জানালার গ্রিলে ওড়না দিয়ে দোলনা বানিয়ে একা একা খেলছিল। একপর্যায়ে দোলনার ওড়না গলায় ফাঁস লেগে শিশুটি ঝুলছিল। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত