বিপুর ৩৭ কোটি, নিক্সন ও তার স্ত্রীর ফ্ল্যাট জব্দ 

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ এএম

দুর্নীতির অভিযোগে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি গাড়িসহ ৭০টি ব্যাংকের হিসাবে থাকা ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হাসেন এ আদেশ দেন। জব্দ করা ফ্ল্যাটটি ঢাকার পরিবাগের প্রিয় প্রাঙ্গণে, আর অ্যাপার্টমেন্ট তিনটি বনানীর পিপি টাওয়ারে। এসবের মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। গাড়ি তিনটির মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা।  বিপুর বিষয়ে আবেদনে বলা হয়, আসামি নসরুল হামিদের বিপুর নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। নসরুল হামিদ বিপুর নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর, দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। গত ২৬ ডিসেম্বর বিপুর বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলাটি করা হয়। এ ছাড়া তার ছেলে জারিফ হামিদ ও স্ত্রী সীমা হামিদের নামেও দুদক আলাদা মামলা করেছে।

নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দ : এদিকে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস জব্দের আদেশ দিয়েছেন একই আদালত। আবেদনে বলা হয়, মুজিবুর রহমান চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তদন্তকালে জানা গেছে, মা. মুজিবুর রহমান চৌধুরী গুলশান আবাসিকে ১০ কাঠা ৩ ছটাক জমির ওপর নির্মিত দ্য সেরেনিটি নামে দুটি বেজমেন্টসহ ১৩ তলা আবাসিক ভবনের সপ্তমতলার (একটি গ্যারেজ ও কমনস্পেসসহ) সর্বমোট ৫১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাট এবং অচিহ্নিত ১৭০ অযুতাংশ ভূমি রয়েছে। এই সম্পদ ২০১৩ সালের ২৯ জানুয়ারি অ্যালটমেন্ট অ্যাগ্রিমেন্ট মোতাবেক মজিবুর রহমান চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে করা হয়। পরে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়, যা মুজিবুর রহমান চৌধুরী তার অর্জিত অবৈধ অর্থ দিয়ে ক্রয় করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত