ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের (ডিপিএল) রেলিগেশন লিগের প্রথম ম্যাচে পারটেক্সের কাছে হেরেই বিদায় ঘন্টা বেজে গেছে শাইনপুকুরের। অবনমিত শাইনপুকুরের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি ছিল অনেকটা এলিমিনেটর ধাঁচের। এ ম্যাচটি ৬ উইকেটে জিতে এখনো প্রিমিয়ার লিগে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে ব্রাদার্স।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বাধায় তিন ঘন্টা দেরিতে শুরু হয় ম্যাচ। ৩৩ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি শাইনপুকুর। ১০৩ রান তুলতে ৭ উইকেট নেই। ভরসা হয়ে দাঁড়ান ফিক্সিং সন্দেহ জাগানো উইকেটকিপার মিনহাজুল আবেদীন সাব্বির। ৫৪ বলে তার অপরাজিত ৫৯ রানে ৯ উইকেটে ১৮০ রান তোলে শাইনপুকুর।
জবাবে ২১ রানের মধ্যে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়েন জাহিদুজ্জামান ও মিজানুর রহমান। এ জুটিতেই জয় নিশ্চিত হয়ে যায় ব্রাদার্সের। ৫৬ বলে ৬৯ রান করে মিজান আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জাহিদ। ৮৮ বলে করেন ৮৫ রান। ৮ পয়েন্টধারী পারটেক্সের বিপক্ষে বুধবার ৭ পয়েন্ট নিয়ে থাকা ব্রাদার্সের ম্যা্চটি হতে যাচ্ছে ডু অর ডাই। রেলিগেশন লিগের এই শেষ ম্যাচে যে দল হারবে তাদের শাইনপুকুরের সঙ্গে নেমে যেতে হবে প্রথম বিভাগ ক্রিকেটে। ম্যাচ মাঠে না গড়ালেও কপাল পুড়বে ব্রাদার্সের।
৮২ রানের লিড জিম্বাবুয়ের, মিরাজের পাঁচ
বাধ্য সন্তান হয়েই চুক্তিতে ফিরলেন শ্রেয়াশ-কিশান