ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈসরণ উপত্যকায় পর্যটকদের ওপর হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। তাতে অন্তত ২৮ জন নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, হামলার স্থান থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে রক্ত এবং কয়েকজন নারী যন্ত্রণায় কাতরাচ্ছেন। স্থানীয়রা তাদের সাহায্যের জন্য ছুটে আসছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের ওপর গুলি চালায়।
বৈসরণ পাহেলগাম পাহাড়ি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ার গাড়িতে করেই সেখানে পৌঁছানো যায়। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক প্রতিক্রিয়ায় এক্সে লিখেছেন, পাহেলগামে ভর্তিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদানের জন্য জেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আহত একজন পর্যটককে অনন্তনাগে জিএমসিতে স্থানান্তর করা হয়েছে। আমি সব আহতের দ্রুত আরোগ্য কামনা করছি। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি এই হামলার নিন্দা করে বলেন, পাহেলগামে পর্যটকদের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং এর নিন্দা করা উচিত।
প্রাথমিকভাবে জানা গেছে, বেশ কয়েকজন পর্যটক ট্র্যাকিং করছিলেন। সেই সময় তাদের ওপর হামলা চালানো হয়। পর্যটকদের ভিড়ে মিশে ছিল হামলাকারীরা। এই ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে তিনজন স্থানীয় এবং তিনজন রাজস্থানের। জম্মু ও কাশ্মীরের আকর্ষণীয় পর্যটন স্থলগুলোর মধ্যে বেশ জনপ্রিয় পাহেলগাম। প্রতি বছর সেখানে প্রচুর পর্যটকের সমাগম হয়।
