সরকারি ও বেসরকারি সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেছেন, ‘এ বছর আমাদের গরমের আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার হুমকি রয়েছে। তাই বৃষ্টির পরের পরিস্থিতি এই শহরে আমরা সবাই মিলে মোকাবিলা করার চেষ্টা করব।’ গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নগর ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় মশার প্রজনন নিয়ন্ত্রণ এবং মশা বাহিত ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ সম্পর্কে ডিএনসিসির আওতাধীন সরকারি ও বেসরকারি হাসপাতাল/ক্লিনিক এর প্রতিনিধি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের সঙ্গে এই মতবিনিময় সভা হয়।
মোহাম্মদ এজাজ বলেন, ‘আসলে এডিস মশার লার্ভা বাসা-বাড়িতে জন্মায়। আমাদের কর্মীরা নিরাপত্তার জন্য বাসা-বাড়িতে প্রবেশ করতে পারে না। তাই সবাইকে নিজেদের বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা ছড়িয়ে দিতে হবে। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আগামী সপ্তাহে সচেতনতা ক্যাম্পেইন শুরু করব। এক সপ্তাহ ক্যাম্পেইনের পরে লার্ভা পেলে জরিমানা করা হবে।’
