গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আরও বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের বিচারের পাশাপাশি ভবিষ্যতে যেন এসব অপরাধ আর না হয়, এজন্য প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার ওপর মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভাটি আয়োজন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের করা আইনগুলো পরবর্তী সরকার এসে বহাল রাখবে কি না, এমন সন্দেহ পোষণ করে তিনি বলেন, ‘এক-এগারো সরকারের আমলেও অনেক ভালো আইন করা হয়েছিল। কিন্তু পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেগুলো আর রাখেনি।’
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট এহসানুল হক সমাজী প্রমুখ।
