চট্টগ্রাম

তরুণীকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম

তরুণীকে ধর্ষণের দায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা। বুধবার দুপুরে তিনি এ রায় দেন। একই রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জেবুন নাহার জানান, দণ্ডিত আসামির নাম মো. খোকন উদ্দীন। তিনি চট্টগ্রামের ভুজপুর থানাধীন নতুন আদর্শ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। ২০২৪ সালের ৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ৯ মে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে টিউবওয়েলে গোসল করার সময় প্রতিবেশী অভিযুক্ত মো. খোকন উদ্দীন কৌশলে তার বাসায় ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ১৪ মে ভুজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী তরুণীর বাবা। এতে প্রতিবেশী মো. খোকন উদ্দিনকে একমাত্র আসামি করা হয়। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন ভুজপুর থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত