লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী কারাগারে

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:১৮ এএম

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ, সাবেক পৌর প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলমসহ ৪৪ নেতাকর্মীকে বুধবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে হাজির করে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। এর কয়েকদিন আগে চার শিক্ষার্থী হত্যা মামলায় বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আহমেদ ফৌরদোস মানিক। তিনি বলেন, চার শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে আসামিরা। বুধবার আদালতে হাজিরার ধার্য দিনে তাদের জামিন আবেদন করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দিনব্যাপী লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও অপসারণকৃত উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর বাসভবনের ছাদ থেকে তার নেতৃত্বে  আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র-জনতার ওপর হামলা ও শত শত গুলি চালানো হয়। এ সময় গুলিতে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক মানুষ গুলিবিদ্ধ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত