চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের এক মামলায় ট্রাকচালক ও তার সহকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার জেলার উখিয়ার মীর আহম্মেদের ছেলে ট্রাক চালক সৈয়দ নুর (৩২) এবং তার সহকারী একই এলাকার আব্দুল মালেকের ছেলে ইমরান সাদেক (২৯)।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সৈয়দ নুর ও ইমরান সাদেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। যাবজ্জীবন ছাড়াও আসামি সৈয়দ নুরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইমরানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
জানা গেছে, ২০২১ সালের ২৫ মে দিবাগত রাতে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক সৈয়দ নুর এবং সহকারী ইমরান সাদেককে গ্রেপ্তার করে র্যাব-৭।
এ ঘটনায় ২৬ মে র্যাব-৭ এর তৎকালীন নায়েক সুবেদার আহাম্মদ উল্লাহ কর্ণফুলী থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
‘সরকার কতদিন থাকবে সেটা প্রধান উপদেষ্টা ভালো জানেন’
নির্মাণাধীন ভবনের পিলার ধসে শ্রমিকের মৃত্যু