মেয়র ঘোষণার বিষয়ে জানতে ইসিতে ইশরাক

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে  গেজেট প্রকাশের বিষয়ে সবশেষ তথ্য জানতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। গতকাল বৃহস্পতিবার আগারগাঁয়ের নির্বাচন ভবনে তিনি সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র  ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে নির্বাচন কমিশন (ইসি) চিঠি পাঠানোর দুই দিন পর এই বৈঠক হলো।

সিইসির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের ইশরাক বলেন, ‘নির্বাচন ট্রাইব্যুনালের রায়ের পর নথিটি ইসির কাছে পৌঁছেছে এবং এখন গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে। মতামতের জন্য এটি (নথি) ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।  যেহেতু আমি আবেদনকারী ছিলাম, তাই এ বিষয়ে হালনাগাদ তথ্য জানতে পেরেছি।’

চলতি বছরের ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে ২০২০ সালের ডিএসসিসির মেয়র নির্বাচনের ফল বাতিল করা হয়, যেখানে  শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে আদালত।

এরপর ২২ এপ্রিল ইসি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশেনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দেয়।

মেয়র হিসেবে কতদিন দায়িত্ব পালন করতে পারবেনএমন প্রশ্নে ইশরাক বলেন, ‘গেজেট প্রকাশ হলে ও পরবর্তী আনুষ্ঠানিকতার পর মেয়রের মেয়াদ সম্পর্কে স্পষ্টভাবে জানতে আইনজীবীদের সঙ্গে বৈঠক করবেন। এখন পর্যন্ত সব পদক্ষেপ দেশের বিদ্যমান আইন ও স্থানীয় সরকার আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ২০২০ সালের ১  ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী ফলে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ভোট। তিনি একই বছরের ১৬ মে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর সিটির প্রথম সভা হয় ওই বছরের জুনে। সে অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ চলতি বছরের জুনে শেষ হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত