তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেখানে দুটি আলাদা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির সফরের বিস্তারিত জানান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান বিচারপতির সফরকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম কার্যভার পালনরত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের সাংবিধানিক আদালতের (কনস্টিটিউশনাল কোর্ট অব দ্য রিপাবলিক অব তুর্কি) প্রেসিডেন্ট বিচারপতি কাদির ওজকায়া গত ৬ মার্চ তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সিম্পোজিয়ামসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতিকে বিশেষ আমন্ত্রণপত্র পাঠান। সফরকালে প্রধান বিচারপতি আজ ২৫ এপ্রিল ইস্তাম্বুলের দোলমাবাছ প্রাসাদে ‘দ্য ফিউচার অব কনস্টিটিউশনাল জাস্টিস ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।
তুরস্ক সফর শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত ‘ক্লাইমেট জাস্টিস অ্যান্ড দ্য কনস্টিটিউশন : রিফ্লেকশানস ফ্রম দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের প্যানেল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, আইনজ্ঞ, আইনজীবী, অন্যান্য পেশাজীবীসহ আবুধাবির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া প্রধান বিচারপতি একই দিন সকালে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
তুরস্ক ও আমিরাত সফর শেষে প্রধান বিচারপতি আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবেন বলে জানান সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা।
