হজের প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। গতকাল সোমবার রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি। এর আগে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এ সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এবার ৫ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
এদিকে হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘হজযাত্রীরা যাতে নির্বিঘেœ ধর্ম-কর্ম পালন করতে পারে সেজন্য এ অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।’
জানা যায়, হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস হজযাত্রীদের সৌদি আরব নিয়ে যাবে এবং দেশে ফিরিয়ে আনবে। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১১৮টি, সাউদিয়া ৮০টি ও নাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট। ফিরতি ফ্লাইটের সংখ্যা যথাক্রমে বিমান ১০৯, সাউদিয়া ৭৯ ও নাস ৩৪টি।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সিপ্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত যাত্রীরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনো বেসরকারি মাধ্যমের ১০ হাজার ৪৮৭ হজযাত্রীকে নিয়ে সমস্যা পড়ার আশঙ্কা ছিল। তবে সরকারের নীতিনির্ধারকরা তৎপর হওয়ায় শঙ্কা কেটে গেছে। সবার ভিসা হয়েছে বলে জানা গেছে।
১৪৪৬ হিজরির ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
