কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১৪

আপডেট : ০১ মে ২০২৫, ১২:২৪ এএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। রাজ্যের কেন্দ্রে অবস্থিত বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে গত মঙ্গলবার রাতে ওই অগ্নিকাণ্ড ঘটে। কলকাতা পুলিশ জানিয়েছে, বড়বাজার থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের পর অত্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। ছাদের কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আবাসিক হোটেলের ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতার মেয়র তথা রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের নারী এবং শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। কী কারণে ওই অগ্নিকাণ্ড, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কলকাতার এ অঞ্চলটি ঘিঞ্জি এলাকা, তাই দমকলকে আগুন নেভাতে বেগ পেতে হয়। কীভাবে আগুন লাগল তা দমকল বিভাগ ও কলকাতা পুলিশ খতিয়ে দেখবে। এ ঘটনার এফআইআর ও তদন্ত হবে।

ঘটনা তদন্তে এরই মধ্যে কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করেছে। বুধবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। কীভাবে অগ্নিকাণ্ড ঘটল তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কলকাতা বড়বাজার সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী ওই রাস্তাটি বেশ সরু। ওই হোটেলে ঢোকা এবং বের হওয়ার একটাই সিঁড়ি। প্রাণ বাঁচাতে আতঙ্কে হোটেলের ছাদে উঠে অনেকেই। তীব্র ধোঁয়ার কারণে হোটেলটি গ্যাস চেম্বারে পরিণত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত